খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ৩৭ জন শিক্ষার্থীকে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১২ মে) তাদের বিরুদ্ধে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারির ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে শিক্ষকদের লাঞ্ছিত করা ছাড়াও মোট ৭টি অভিযোগ আনা হয়েছে।
কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস আখতার জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষার্থীদের আগামী ১৫ মে বিকেল ৫টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
এদিকে, একাডেমিক কার্যক্রম চালু হওয়ার পরও টানা ছয় দিন ক্লাসে অনুপস্থিত রয়েছেন কুয়েটের শিক্ষকরা। তারা জানিয়েছেন, লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অনড় থাকবেন। এছাড়া, আগামী বৃহস্পতিবারের মধ্যে শাস্তি কার্যকর না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, "আমাদের দাবি পূরণ হলে আমরা সাধারণ সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।"
নোটিশ পাওয়া একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যে ৩৭ জনকে নোটিশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে প্রথম ৭ জন ছাত্রদলের নেতাকর্মী, বাকিরা সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তবে তারা কোনো শিক্ষককে লাঞ্ছিত করেননি।”
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ফলে সেশনজট বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রায় ৭ হাজার ৫০০ শিক্ষার্থী।
এসএস/আরএন