বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলা হয়, অথচ তাদের নাগরিকতার প্রথম অধিকার—ভোটাধিকার নিশ্চিত করা হয় না। এটি মেনে নেওয়া যায় না। আগামী নির্বাচনে দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীরা যেন স্বচ্ছ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সোমবার (৯ জুন) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা বাজারে উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিক আরও বলেন, যারা গত সাড়ে ১৫ বছর ধরে জাতির ওপর জুলুম চালিয়েছে, তারা এখনো তা অব্যাহত রেখেছে। তারা জাতিকে অস্থির করতে চায়। কিন্তু এই জাতি জেগে উঠছে—এবার যুব সমাজ এই অন্যায়ের জবাব দেবে।
তিনি বলেন, যুবকদের নেতৃত্বেই বাংলাদেশ পরিবর্তনের পথে এগিয়েছে। আমরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদ করেছি, কিন্তু তাদের বিদায় করতে পারিনি। সফলতা এনেছে যুবকরাই। আগামী দিনে সুন্দর বাংলাদেশ গঠনে তারাই সাহসী ভূমিকা রাখবে।
ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সিডিউলের আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। এবারের ভোটের লড়াই হবে যুবকদের নেতৃত্বে।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমরা জাতীয় সরকারের প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চাই। তিনি বলেছেন, এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই, তিনি জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন।
শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা নৈতিক চরিত্র গঠন করে না, চাকরির নিশ্চয়তাও দেয় না। এই শিক্ষার পরও ফাইল হাতে চাকরির জন্য ঘুরতে হয়। জামায়াত ক্ষমতায় এলে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করা হবে। এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যা শিক্ষার্থীকে স্বনির্ভর করে তুলবে এবং শিক্ষিত কেউ বেকার থাকবে না।
বড়লেখা উপজেলা জামায়াতের আমির এমদাদুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল বাছিতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, ঢাকা পল্টন থানা আমির শাহিন আহমদ খান, ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, সিলেট মহানগর শিবির সভাপতি শরীফ মাহমুদ, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক, শহর শিবির সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা ডা. আব্দুল ওয়াদুদ টিপু, উপজেলা নায়েবে আমির আব্দুল্লাহ আল মাফুজ সুমন ও হুমায়ুন কবির সাজু প্রমুখ।
অনুষ্ঠান শেষে ঈদের দিন কোরবানির গোশত বিতরণকালে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত বড়লেখার একই পরিবারের দুই ভাইয়ের বাড়িতে যান জামায়াত আমির। সেখানে তিনি নিহতদের বাবা আলাউদ্দিন আলাই মিয়াকে সান্ত্বনা দেন এবং উপস্থিত সবার সঙ্গে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন।
এসআর/আরএন